কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর করা রিট আবেদনটি বুধবার (২১ জানুয়ারি) খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।
মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের ঘটনাটি বেশ কয়েকটি ধাপ পেরিয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শুরুতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহর অভিযোগ ছিল, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পায় এবং তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করেছিলেন এই বিএনপি নেতা, যা আজ হাইকোর্টে খারিজ হয়ে গেল।

