“রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” স্লোগানে খাগড়াছড়িতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে দুপুরে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। এতে জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ কওে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি মাহাফুজুর রহমান মাহফুজ, সহ সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে অপপ্রচার আর বানোয়াট, বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। উস্কানিমূলক কথা বার্তা ও কর্মকান্ড করে দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পায়তারা চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ।
তারেক রহমানের সরকারের নেতৃত্বে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সজাগ, সচেতন এবং ঐক্যবদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ প্রতিবাদ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন।

