রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ও সাংগঠনিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংগঠনটির কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তা ও প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
ভিডিও বার্তায় নতুন জয় চাকমা সাজেকের বর্তমান পরিস্থিতির জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাদীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফকে দায়ী করে অভিযোগ করেন, সংগঠনটি অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উসকানি, প্ররোচনা ও বিভিন্ন ধরনের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।
নিজের বক্তব্যে নতুন জয় চাকমা আরও দাবি করেন, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার সঙ্গে ইউপিডিএফের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংগঠনটির গঠনপ্রক্রিয়া ও পরিচালনার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সময়ে তাঁর নামে এমন কিছু বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেগুলো সম্পর্কে তিনি নিজেও অবগত ছিলেন না। তিনি সংগঠনটিকে কার্যকর কোনো প্রতিনিধিত্বশীল কাঠামো নয় বলে মন্তব্য করেন।
একইভাবে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনটিও ইউপিডিএফ সন্ত্রাসীরা নিজেদের দলীয় স্বার্থে গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। এসব সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন নতুন জয় চাকমা।
ইউপিডিএফের সঙ্গে নিজের অতীত সম্পৃক্ততার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন সংগঠনটির নিয়ন্ত্রণ ও প্রভাবের মধ্যে অবস্থানকালে সাধারণ মানুষকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার প্রবণতা তিনি প্রত্যক্ষ করেছেন। তাঁর অভিযোগ, বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে মৃত্যুর হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হতো। এমনকি সাজেকের চলমান অবরোধ কর্মসূচিতেও অনেককে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে মাঠে নামানো এবং কর্মসূচির পক্ষে অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।
নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারী হিসেবে তাঁর দায়িত্ব নিজ এলাকার মানুষের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা রক্ষা করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালনের পরিবেশ না থাকায় তাঁকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এসব বিষয় প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি তাঁর পক্ষ থেকে পূর্বে ঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের কথাও জানান।
বক্তব্যের শেষাংশে নতুন জয় চাকমা বলেন, তাঁর অবস্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার পক্ষে। জীবনের ঝুঁকি থাকলেও এলাকার মানুষের বৃহত্তর কল্যাণে সত্য প্রকাশ এবং ন্যায়সংগত অবস্থান থেকে সরে আসবেন না বলেও তিনি ঘোষণা দেন।

