বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে বাগান’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ জনের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে আসে। তাদের মধ্যে ৮ জন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামের দুই পর্যটক প্রশাসনিক নির্দেশ তোয়াক্কা না করে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কেওয়াক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন। নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
ঘুরে ফেরার পথে বগালেক-কেওয়াক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে পাহাড়ের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত ঢালু আঁকাবাঁকা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। মুহূর্তে মোটরসাইকেলটি পাহাড়ের কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে গভীর রাত ১২টার দিকে কয়েকশ ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

