২০০৬ সালের ২৮ অক্টোবরে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পৌর আমীর মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, মাওলানা একে আহমদ উল্লাহ, উপজেলা আমীর জনাব সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারী ইয়াছিন আরাফাত, উপজেলা সেক্রেটারী হাফেজ জালাল উদ্দীন সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন নেত্রী শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে সারা দেশ থেকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের লগি-বৈঠা নিয়ে ঢাকায় জড়ো হওয়ার আহবান করেন। পরবর্তী ওই দিন পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বিভিন্ন দিক থেকে হামলা চালানো হয়। এতে অনেকে নিহত ও আহত হন। নিহতদের লাশের ওপর নৃত্য করার মতো নৃশংস ঘটনাও সেদিন ঘটেছিল বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাবিধুর অধ্যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনায় জড়িতদের বিচার না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

