সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। সাজেক মাচালং বাজারেও এ উৎসব উদযাপিত হবে। ধর্মীয় উৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের পূর্বঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

সংগঠন দুটির নেতারা জানান, এ অবরোধ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একইভাবে কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও এ কর্মসূচি নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তারা আরও জানান, প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নিলে দুর্গাপূজা শেষে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী কর্মসূচির সময়সূচি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে দুই সংগঠনের নেতারা কোনো ধরনের কালক্ষেপণ না করে সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

