দুর্গম পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের অধীন ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও টাইগার টিলা সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে বাঘাইহাট জোন সদরে অবতরণ করেন সেনাপ্রধান। পরে তিনি সংশ্লিষ্ট সেনা স্থাপনাগুলোর কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এ সময় অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের জন্য সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

