পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এর উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাপক টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরীসহ মোট ১৪টি দুর্গম পাড়ায় এ কার্যক্রম পরিচালিত হয়। কঠিন ভৌগোলিক প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয় স্থানীয় জনগণের দোরগোড়ায়।
উপজেলায় নির্ধারিত ৮,২৭৮ জনের লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুরুকপাতা ইউনিয়নে ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়, যা শিশুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের জনগণের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে।
স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগকে পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

