তৃণমূল পর্যায়ে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২) উপলক্ষে পৌরসভা পর্যায়ের দল গঠনের কার্যক্রম।
খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী বাছাইকৃত কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মোট ১০টি ইভেন্টে দল গঠন করা হবে। ইভেন্টগুলো হলো—ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, দাবা, ভলিবল, সাঁতার, মার্শাল আর্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডি।
এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশ, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

