পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে দিনব্যাপী একটি বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে- ২০২৬) লংগদু ইউনিয়নের ভাইবোনছড়া বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এই বিশেষ মেডিক্যাল ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ৪৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। আগত রোগীদের মধ্যে চর্মরোগ (স্ক্যাবিস), দীর্ঘমেয়াদি ব্যথা, গাইনি সমস্যা, ডায়াবেটিস, জ্বর-সর্দি, রক্তস্বল্পতা এবং শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

