চট্টগ্রামের ভূজপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে টহল দল চট্টগ্রামের ভূজপুর থানার অন্তর্গত রহমতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় গরু পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, আটক চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।
আটক ভারতীয় গরুগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার মাধ্যমে নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

