পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে মানবিক উদ্যোগ নিয়ে দুই শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টার। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়।
বুধবার (২৭ মে) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজারস্থ স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ধীমান খীসা,সহকারী ব্যবস্থাপক যাকোব চাকমা,অছথ পরিচালক ও ল্যাব ইনচার্জ সুশীল জীবন চাকমা,ভাইস চেয়ারম্যান অতীশ চাকমা ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ উদ্যোগে অংশ নেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসাসেবা প্রদান করেন জেনারেল চিকিৎসক ও সনোলজিস্ট ডা. উৎপল চাকমা, গাইনি ও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. মিউচিং মহাজন, বাতব্যথা, মেডিসিন, শিশু ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. প্রহর চাকমা এবং বাতব্যথা, মেডিসিন, আল্ট্রাসনোগ্রাফি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিশ্ব জ্যোতি চাকমা।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, বর্তমান সময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও স্বস্তিদায়ক উদ্যোগ।

