খাগড়াছড়ির পার্বত্য জেলা থেকে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো একমাত্র শহীদ রামগড়ের শহিদ মো: মজিদ হোসেন এর বাড়ি নির্মাণে তার পরিবারকে ২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রসূলপুর গ্রামে শহিদ মজিদ হোসেন এর বাড়িতে গিয়ে এ অর্থ সহায়তা দেন জামায়াতের নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মৌমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা প্রদান করেন, জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিস শুরাসদস্য ও চট্টগ্রাম অঞ্চলটিম সদস্য জাফর সাদেক। 
এ সময় জুলাই শহিদ মো: মজিদ হোসেন এর পিতা মো: আমিন মিয়ার হাতে বাড়ি নির্মাণে নগদ দুই লক্ষ টাকা তুলে দেন নেতারা। অর্থ সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারী মিনহাজুর রহমান, মানিকছড়ি উপজেলা জামাতের আমির মাও: মনিরুজ্জামান, গুইমারা উপজেলা আমির রফিকুল ইসলাম, রামগড় উপজেলা আমীর ফয়জুর রহমান সহ জেলা-উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জামায়াত নেতৃবৃন্দ শহিদ মো: মজিদ হোসেন এর কবর জিয়ারত ও দোয়া করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাজীগঞ্জ রেললাইনের পাশে একটি খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন ট্রাকের হেলপার মো. আবদুল মজিদ হোসেন। এতে তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই বিকেলে তাঁর মৃত্যু হয়।

