খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দীঘিনালা থানার টহল পুলিশ।
আটককৃত রাজ্জাক উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামতলী এলাকার বাসিন্দা বলে জানাযায়। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তবে আটককৃত ব্যক্তির পরিবারের দাবি যে, রাজ্জাক দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরেই পাবনা মানসিক হাসপাতালের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে বাসায় আটকে রাখা হয়। হঠাৎ বাসার অনান্য লোকজনের অজান্তে বাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন এমন খবর শুনতে পায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

