খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা ও আশপাশ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়ি ও আশপাশে ১৫ থেকে ২০ জন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসীর উপস্থিতি জানতে পেরে তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের সেনা সদস্যরা।
এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানো সময় সেনা সদস্যদের সাথে গুলি বিনিময় হয়। পরবর্তীতে, উক্ত স্থানে এবং পালানো সড়কের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১টি রাশিয়ান পিস্তল (টোকারেভ TT-33), ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৭.৬২ মি. মিঃ. ২০০ রাউন্ড এ্যামোনিশন, ১টি ওয়াকিটকি সেট এবং ফার্স্ট এইড বক্সসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট ইউপিডিএফ (মূল) দলের সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা, অঙ্গ মারমাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সাধারণ জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অবৈধ অস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরণের কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় নিরাপত্তা বাহিনীসূত্র।

