খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ও অস্ত্র নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামসহ ৪ জন ব্যাক্তিকে আটক করেছে।
সিন্ধুকছড়ির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে সেনাবাহিনীর ৩টি টহল দল শনিবার (৩০ আগষ্ট) সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযান শেষে আসামি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি সীতাকুণ্ড মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে, স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, ১টি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ার,অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি।
অভিযানে আটককৃতরা হচ্ছে, চট্টগ্রামের বাশখালী উপজেলার চনুয়ার ফয়েজ আহমেদ এর ছেলে কামরুল হাসান রেদোয়ান (৫০) ,কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকিরঝুম পাড়ার মো: নুরুল আলমের ছেলে রুমন (৪৫), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর গ্রামের মো: মোর্শেদ এর ছেলে মোঃ আশিক (২৫) ও নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে মোঃ আমির ইসলাম (৪০)|
সেনাবাহিনীর সিন্ধুকছড়ির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজী জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র তৈরি, সরবরাহ ও পাচারকারি ব্যক্তি বা দলের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।

