খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন।
এ সময় দেশি-বিদেশি ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন।
২৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত ৩ টার দিকে ২ নং তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভীরতীয় সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে বিওপি’তে নিয়ে আসার সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য কওে গুলি ছোঁড়ে। পরে বিজিবিও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে পালিয়ে যায় চোরাকারবারীরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছে বিজিবি।
২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ইতোমধ্যেই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুট সনাক্ত করে পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।

