খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। এদের সকলেই ভারতের গুজরাট থেকে আনা হয়। আটক ৫ জন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার মধ্যে খাগড়াছড়ির জেলার রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার বড়ইতলী সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।
জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার যাত্রী চাউনিতে অবস্থান করলে স্থানীয়রা ৫ ভারতীয় এই পরিবারকে আটকে রেখে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নিয়ে যায়।
আটকৃতরা হলেন, মোঃ উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম(৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।
আটককৃত মোঃ উম্মেদ আলী জানান, তাদেরকে প্রথমে বিমানে পরে বাসে করে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। গতরাতে হাতচোখ বেঁধে তার পরিবার সহ আরো অনেককে নির্মমভাবে ফেনী নদীতে ছেড়ে দিলে জান নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠেন আসেন। ফের ভারত সীমান্তে গেলে মেরে ফেলার হুমকি দেয় বিএসএফ।
রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৫ জনকে বিজিবি আটক করেছে। তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জনান, বিএসএফ কর্তৃক পুশইন করা ৫ জন নাগরিক কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের বাসিন্ধা বলে নিশ্চিত হওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে ওই ৫ নাগরিকদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

