রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর অভিযান চালিয়ে মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১) নামে তিনজনকে আটক করা হয়।
ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা বায়তুল মোকাররম মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফত’ নামে একটি সমাবেশ আয়োজনের গোপন পরিকল্পনা করছিলেন।
এদিকে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের যেকোনো কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সংগঠনটি কোনো সভা-সমাবেশ বা প্রচার চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপি সতর্ক করেছে।
Source: Samakal
