পার্বত্য চট্টগ্রামে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের ১২তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ ১৯ অক্টোবর জারি করা এক স্মারকে এই তথ্য জানানো হয়।
স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০০০.০৩১.০৪.০০০৩.১৬.২৬৮–এ উল্লেখ করা হয়েছে, “অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হলো। সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।”
সভাটি আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল টাস্কফোর্সের চেয়ারম্যান জনাব সুদত্ত চাকমার, যিনি সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
টাস্কফোর্সে বাঙালি প্রতিনিধিত্ব না থাকা এবং উপজাতীয়দের প্রতি প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগে পার্বত্য বাঙালি নেতৃবৃন্দ সভা স্থগিতের দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, এই স্থগিতাদেশ এসেছে “বাঙালিদের ন্যায্য দাবির প্রতিফলন” হিসেবে।
সম্প্রতি টাস্কফোর্সের একমাত্র বাঙালি প্রতিনিধি এডভোকেট মহিউদ্দীন কবীর পদত্যাগ করার পরও চেয়ারম্যান সুদত্ত চাকমা নিজের অবস্থান ধরে রেখেছেন। ফলে বাঙালিদের অভিযোগ—টাস্কফোর্স এখন কেবল উপজাতীয় স্বার্থরক্ষার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এক বাঙালি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সভা স্থগিত না হলে বাঙালিদের অধিকার আরও ক্ষুণ্ন হতো। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি—বাঙালি প্রতিনিধি ছাড়া কোনো সভা হতে দেওয়া যাবে না।”

