জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য চুরি ও বিক্রির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার এক চিকিৎসকের বাসা থেকে তাকে আটক করা হয়।
সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানান, জিয়াউল আলম ওই বাসায় আত্মগোপনে ছিলেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, এনআইডির তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া হয় ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে। কিন্তু জাতীয় নিরাপত্তা নিশ্চিত না করেই প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের প্রায় ১৮২টি সংস্থার কাছে ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য বিক্রি করে।
তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

