খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিজিবির রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।
সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান ও কারবারী, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এসময় জোন অধিনায়ক এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় জনগণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

