সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে দুই ধাপে মোট ১৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রথম ধাপে গত ২৯ জুলাই রাঙ্গামাটির রাবার বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরবর্তীতে রোববার (২ আগস্ট) রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এবং ক্ষতিগ্রস্ত আরও ১০০টি পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।
শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নয়, চলমান দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং জরুরি সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে যাচ্ছে।
দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে আসছে। দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর দ্রুত সাড়া ও কার্যকর সহায়তা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

