পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন। এ লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত এবং সদর দপ্তর, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফা আরেফিন।
আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে।
তাদের মতে, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

