উৎসবমুখর পরিবেশ, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরে অবস্থিত বিটিকেএস কেন্দ্রীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য ও বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা, বিটিকেএসের উপদেষ্টা ক্ষেত্রমোহন রোয়াজা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৬১ বছর ধরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তা সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে ত্রিপুরা জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পাহাড়ের বহুমাত্রিক সংস্কৃতি ও বৈচিত্র্যকে ধারণ করে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ একসঙ্গে কেক কেটে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গানসহ নানা পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিটিকেএসের ৬১ বছরের পথচলাকে স্মরণ করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে বিটিকেএসের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ পথচলার স্মৃতি, ঐতিহ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রত্যাশায় সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

