হেক্সা মিশন আবারও অধরাই রইল ব্রাজিলের। চলমান বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক আলিং হালান্ড জোড়া গোল করে প্রথমবারের মতো নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন নেইমার।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। চতুর্থ মিনিটেই নরওয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর ১১তম মিনিটে ব্রাজিলের ম্যাথেউস কুনহাকে বক্সের ভেতরে ফাউল করা হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিয়ল্যান্ড। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র ও নরওয়ের আক্রমণভাগ একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু গোলের দেখা না পেয়ে উল্টো ৭৯তম মিনিটে শাস্তি পায় তারা। কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন আলিং হালান্ড।
গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে নরওয়ে। নির্ধারিত সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে যান তিনি।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে। অন্যদিকে, শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়ে আরেকবার হতাশা নিয়ে বিশ্বকাপ শেষ করতে হলো ব্রাজিলকে।

