খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার যুব খেলোয়াড় হানজালা সানি ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা- ২০২৬ এ অংশগ্রহণ করে জেলার ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছেন। দুর্গম পাহাড়ি জনপদ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের এমন মর্যাদাপূর্ণ আসরে অংশ নেওয়াকে স্থানীয়রা খাগড়াছড়ির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন।
জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন হানজালা সানি। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন। তার এই সাফল্যে দীঘিনালাসহ পুরো খাগড়াছড়িতে ক্রীড়াপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করছেন, হানজালা সানির জাতীয় পর্যায়ে অংশগ্রহণ পাহাড়ি অঞ্চলের তরুণদের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। এতে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে উৎসাহ পাবে।
হানজালা সানির এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছে দীঘিনালা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, পাহাড়ি এলাকার একজন তরুণ জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমরা আশা করি, ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।

