খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২০জন পাহাড়ি বাঙালি যুবককে নিয়ে তিন সপ্তাহব্যাপী ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার” এবং “ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার” বিষয়ক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোন।
বৃহস্পতিবার সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সরঞ্জাম তুলে দেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল খান সজিবুল ইসলাম।
প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি নিজ উদ্যোগে কাজ শুরু করে যেন আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জোন অধিনায়ক। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী লক্ষীছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর হোসাইন ও উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদারসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

