পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মানুষের মাঝে বিদ্যমান সম্প্রীতি বাড়াতে বন বিহারের ভান্তেদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
শুক্রবার বিকেলে জেলার দীঘিনালা বন বিহারে আবাসিক ভিক্ষু প্রয়াত শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যষ্টিক্রিয়া উপলক্ষে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তি দান, মহাসংঘদান, অষ্ট পরিস্কার দান, পিন্ডু দান ও নানাবিধ দানসহ স্বরণসভা ও মাঙ্গলিক পূণ্যানুষ্ঠানে যোগ দিয়ে বিহারের ভান্তেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁর সহধর্মিণী ফারজানা আক্তার চৌধুরী সহ পরিবারের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি), বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা বন বিহার কার্যনির্বাহী পরিচালনা কমিটির প্রতিনিধিরা সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান শুভেচ্ছা বিনিময় শেষে বলেন, পাহাড়ের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মাঝে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী এ দেশের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন সহ রিজিয়নের আওতাধীন সেনা জোনগুলো সবসময় এ অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

