খাগড়াছড়ি সংসদীয় আসনে নবনির্বাচিত প্রার্থী ওয়াদুদ ভূইয়া নেতাকর্মীদের প্রতি সংযম, ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং জনগণের ভালোবাসার ফলেই এ বিজয় অর্জিত হয়েছে। “এই জয় আমার একার নয়, এটি আপনাদের সবার” বলেন তিনি।
বিজয়ের উচ্ছ্বাসে কোনো ধরনের ঝগড়া-বিবাদ, মারামারি বা সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ জানান। তিনি বলেন, “মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি, তাই সবার সঙ্গে নমনীয় আচরণ করতে হবে।”
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজয় মিছিল না করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্বাচনে সমর্থন ও আস্থা রাখায় খাগড়াছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণমূলক রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

