পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা টিমের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজনটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতার এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় ২০ জন এতিম শিশুকে নিয়ে একসাথে ইফতার ভাগাভাগি করা, যা আয়োজনটিকে আরও মানবিক ও অর্থবহ করে তোলে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক সাজিয়া তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সচিব খন্দকার পারভীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সুলতানা, বিডি ক্লিন দীঘিনালা টিমের প্রধান উপদেষ্টা এ কে এম বদিউজ্জামান, আলমগীর খান মুন্না, মো. কুতুবউদ্দিন ও জাহীদ হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানের আয়োজনে নেতৃত্ব দেন বিডি ক্লিন খাগড়াছড়ি জেলার সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল। আয়োজকরা জানান, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

