“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে উপজেলা হিল ভিডিপি সদস্যরা।
সম্প্রতি সময়ে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী, বাবুছড়া, দীঘিনালা ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ভিডিপি প্লাটুনের আওতাধীন সদস্যরা সড়ক সংস্কার, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদান করেন। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের চলাচল সহজ করার পাশাপাশি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রাজিবুল ইসলামের তত্ত্বাবধানে এবং স্ব স্ব ভিডিপি প্লাটুনের পিসি, এপিসি ও হাবিলদারদের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা প্রশিক্ষক মো. রাজিবুল ইসলাম বলেন, “হিল ভিডিপি সদস্যরা শুধু নিরাপত্তা রক্ষায় নয়, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুর্গম ও পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) বলেন, “হিল ভিডিপি সদস্যরা পাহাড়ি অঞ্চলে রাষ্ট্রের শক্ত ভিত্তি হিসেবে কাজ করছেন। তাদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার কারণে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা তৈরি হচ্ছে। সরকার ঘোষিত উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে হিল ভিডিপির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়”।
স্থানীয়দের মতে, হিল ভিডিপি সদস্যদের নিয়মিত তৎপরতায় এলাকার সড়ক যোগাযোগ উন্নত হচ্ছে এবং অপরাধপ্রবণতা হ্রাস পাচ্ছে। এর ফলে পাহাড়ি জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে।

