খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ডিপি পাড়ায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’র উদ্যোগে পিআরএলসি প্রকল্পের আওতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া চিকিৎসা সেবার উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা।
অনুষ্ঠানে আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা বলেন, “আমাদের লক্ষ্য জনগণকে মূলধারার চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আজ আমরা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব।”
দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শহীদ তালুকদার, খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিপল বাপ্পি চাকমা, ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. বিশ্বজ্যোতি চাকমা, ডা. মহিমা বড়ুয়া, ডা. মিউচিং মহাজন, ডা. ওপেন চাকমা, ডা. ত্রিলোক চাকমাসহ আরও অনেকে।
এ সময় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

