গভীর শ্রদ্ধা, আত্মিক আবেগ ও জাতীয় কল্যাণের প্রত্যয়ে খাগড়াছড়ি ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ প্রার্থনা সভা। বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি–২৯৮ নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ প্রার্থনার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের সার্বিক ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে আয়োজিত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি নির্মাণের জন্য ঈশ্বরের নিকট আন্তরিক প্রার্থনা জানানো হয়।
চার্চের পালক, মণ্ডলীর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক বিশ্বাসী ভাই-বোনের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, ভাবগম্ভীর ও আত্মিক প্রশান্তিতে ভরপুর। প্রার্থনার প্রতিটি মুহূর্তে উঠে আসে দেশপ্রেম, সম্প্রীতি ও নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একজন নেতার প্রস্থান জাতির জন্য শোকের হলেও তাঁর আদর্শ ও অবদান অনুপ্রেরণা হয়ে থাকে যুগের পর যুগ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশের আগামীর নেতৃত্বের সুস্বাস্থ্য, শক্তি ও প্রজ্ঞা কামনা করে বিশেষ প্রার্থনা নিবেদন করা হয়।
প্রার্থনা সভায় দেশের শান্তি, উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন,ঐক্য, সহনশীলতা ও আধ্যাত্মিক চেতনার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে।
সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় এই হৃদয়স্পর্শী আয়োজন, রেখে যায় আশা, বিশ্বাস ও কল্যাণের এক উজ্জ্বল বার্তা।

