খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে আনুমানিক তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির আয়োজন করে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।
মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, “সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।” তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

