ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন মোট ১১ জন প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
গত ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়ন যাচাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেন।
পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায়, শেষ পর্যন্ত ১১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাগড়াছড়ি আসনে।
এদিকে মনোনয়ন যাচাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ায় খাগড়াছড়িতে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।

