আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি)-এর উদ্যোগে সোমবার খাগড়াছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় কর্নেল জিএস, শাখা ডিজিএফআই, রাঙ্গামাটি; সকল জোন কমান্ডার; পুলিশ সুপার; এপিবিএন ও জেলা প্রশাসকের প্রতিনিধি; আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট; উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; যুগ্ম পরিচালক, এনএসআই খাগড়াছড়ি; এফআইডি; আরআইবি এবং শাখা এফআইইউর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সভায় আসন্ন সেপ্টেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি ও হুমকির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও সময়োপযোগী তথ্য আদান-প্রদান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের মধ্যে কার্যকর তথ্য বিনিময় ও সমন্বয় জোরদার করা হলে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং খাগড়াছড়ির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

