খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এরআগে জুলাই শহিদ মজিদ হোসেনের বাড়ি গিয়ে তার কবর জিয়ারত করেন ইউএনও কাজী শামীম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম।
উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নজির আলম, জুলাই শহীদ আবদুল মজিদের পিতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস এবং শহীদদের অবদান তুলে ধরা হয়।

