দুর্গম পাহাড়ে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এবং জীবনহানির ঝুঁকি কমাতে সেনাবাহিনীর ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের উদ্যোগে ১৫দিন ব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল কক্ষে প্রশিক্ষণ গ্রহণকারী ২০জন শিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়। তাই প্রশিক্ষনের মাধ্যমে নিজ এলাকায় যে কোনো দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিতেই লক্ষীছড়ি জোন এই প্রশিক্ষণের আয়োজন করে।

