খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বিজিব।
বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়।
এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে চাইলে বিজিবির টহল দলটি তাদের পিছু নেয়। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে দুষ্কৃতিকারীরা।
পরে সেখান থেকে অস্ত্র, গুলি ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বিজিবি টহল দলের সদস্যরা।
বিজিবি’র যামিনী পাড়া জোন অধিনায়ক বলেন, “এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল আইস মেথ উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

