রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় সোমবার (৩ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে লংগদু জোনের মেডিকেল দল চিকিৎসা সহায়তায় প্রস্তুত ছিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর দ্রুত ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন।

