খাগড়াছড়ির রামগড়ে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত ভূমি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে প্রশাসনকে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রামগড় বাজারে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, রামগড় উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রামগড় উপজেলার বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত জমি দখল করে বসতি স্থাপন করা হয়েছে। তারা দাবি করেন, নিজেদের জমিতে যেতে গেলে গুচ্ছগ্রামবাসীরা বিভিন্ন সময় হামলা ও বাধার মুখে পড়েছেন।

কর্মসূচি থেকে গুচ্ছগ্রামবাসীদের ভূমি উদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা প্রশাসনকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত ভূমি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমদ, রামগড় উপজেলা শাখার সভাপতি ইউনুছ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছরোয়ার হোসেন রিয়াদ এবং গুচ্ছগ্রামবাসী সাহেব উল্লাহ ও আবু আহমদ।
উল্লেখ্য, সম্প্রতি রামগড় উপজেলার বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় ভূমি নিয়ে বিরোধের ঘটনায় গুচ্ছগ্রামবাসীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

