২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে গাছের চারা তুলে দেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
কর্মসূচির আওতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬৮০টি আম ও ৫৪০টি লিচুর চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলার পাতাছড়া এলাকায় ২০০টি আম, ২৫০টি হাঁড়িভাঙ্গা আম এবং ৩৫০টি ব্যানানা আমের চারা দেওয়া হয়।
গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় ৭৪০টি আম, ৫২৫টি লিচু, ৪৮০টি পেয়ারা ও ৩৭০টি লেবুর চারা বিতরণ করা হয়। মাটিরাঙ্গায় ৬৩০টি আম, ৯৪০টি ব্যানানা আম, ৮৭০টি লিচু, ৩০০টি পেয়ারা এবং ৩৪০টি লেবুর চারা দেওয়া হয়।
খাগড়াছড়ি সদরে ৩০০টি আম, ২০০টি ব্যানানা আম, ২২০টি লিচু এবং ৩০০টি লেবুর চারা বিতরণ করা হয়। অন্যদিকে দীঘিনালায় ২৭০টি আম, ২১০টি লিচু, ১০টি পেয়ারা ও ১১০টি লেবুর চারা বিতরণ করা হয়েছে।
এ ছাড়া জেলার তিনটি মসজিদেও পৃথকভাবে মোট ১ হাজার ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে দীঘিনালার মেরুং এলাকার বেলছড়ি জামে মসজিদে ৪০০টি, জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৬০০টি এবং পানছড়ির উল্টাছড়ি মুসলিম নগর হযরত ওমর (রা.) জামে মসজিদে ৪০০টি চারা দেওয়া হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

