বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন ২০২৬) রামগড় বিজিবি জোন সদরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সফল প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।
অনুষ্ঠানে তিনি বলেন, রামগড় বিজিবি জোন কেবল সীমান্ত নিরাপত্তা ও নিয়মিত অপারেশনাল কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করেছে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ সুগম করবে। প্রশিক্ষণপ্রাপ্তরা এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের জীবনমান উন্নয়নসহ দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জোন সূত্রে জানা গেছে, বিগত ১৬ বছরে রামগড় উপজেলার ১ হাজার ৪ শ ২২ জন যুবক যুবতিকে কম্পিউটার প্রশিক্ষণ ও ১ হাজার ২ শ ৬ জনকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে।

