সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ।
আলোচনা সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, এর প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
দিবসটি পালনের মাধ্যমে শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

