পার্বত্য অঞ্চলে সাংগ্রাই ও বৈসাবি উৎসব উপলক্ষে নানা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার রামগড় জোন সদর এলাকায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, রামগড় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আওতায় দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে একটি মাদ্রাসা ও এতিমখানায় ঢেউটিন বিতরণ, দুইজন অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী প্রদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ সহায়তা দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় স্থানীয় উপকারভোগীরা বিজিবির এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে উৎসবকেন্দ্রিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

