ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি এবং খাগড়াছড়ির রামগড় উপজেলায় দায়িত্ব পালন করেছে।
সংশ্লিষ্ট তিন উপজেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হয় এবং নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

পাশাপাশি টহল, স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম (কিউআরটি) হিসেবে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানানো হয়েছে। নির্বাচনকালীন সময়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

