খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মো. আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস পাতাছড়া এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে কাজ করছিলেন শিশুটির চাচা। খেলাধুলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আনাস পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্দেহজনকভাবে পুকুরে খোঁজাখুঁজি করলে শিশুটিকে নিথর অবস্থায় পাওয়া যায়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। শিশু হওয়াতে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

