সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ আগষ্ট) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে জোন সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় উপকারভোগী গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনগণের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঢেউ টিন, বাই-সাইকেল, জায়নাজ, দেয়াল ঘড়ি, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া মাদ্রসায় আর্থিক অনুদান, উচ্চ শিক্ষা, গরীব ও দূস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও সামাজিক উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

