‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে তৃতীয় দিনের মত মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারে র্যালি পরবর্তী মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে রামগড় থানার ওসি নাজির আলম বলেন, সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়াতে হবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা মাদকের বিরুদ্ধে জনমত তৈরী ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করবে পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গত রোববার রামগড় বাজারে ও সোমবার সোনাইপুল বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে উপজেলার সব বাজার ও এলাকায় মাদক বিরোধী কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন থানা পুলিশ।

